সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ণ
ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে যায় পুলিশ। সেখান থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়মের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে তিনি ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনার পর পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তাদের উপস্থিতিতে থানা পুলিশ কক্ষে প্রবেশ করবে।

মরিয়ম কখন মারা গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ডিসি।

এর আগে গত জুলাইয়ে মরিয়ম খাতুন ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। নজরুল ইসলামের কয়েকজন সমর্থক ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও পরদিন কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ভিডিওগুলো এআই-নির্মিত নয় বলে দাবি করে।

এরপর গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুন তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি তাকে বিয়ে করেছেন।

তবে পরবর্তী সময়ে মরিয়মের একটি বায়োডাটা প্রকাশ্যে এলে বিয়ে নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। কথিত বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা ছিল। একই বায়োডাটায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি স্বাক্ষরও দেখা যায়। বিষয়টি ঘিরে চাকরির প্রলোভন ও অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়।

Read more — জাতীয়
← Home