সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সিঙ্গাপুর থেকে এলএনজির আরও এক কার্গো দেশে

নিজস্ব প্রতিবেদক ২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
সিঙ্গাপুর থেকে এলএনজির আরও এক কার্গো দেশে

অনলাইন ডেস্ক: সিঙ্গাপুর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে আরও একটি কার্গো দেশে এসেছে। শুক্রবার সকালে মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ‘ওয়েন চেং’ নামের জাহাজ থেকে এলএনজি খালাস শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা ৫৪ মিনিটে এলএনজিবাহী জাহাজটির সঙ্গে টার্মিনালের প্রথম সংযোগ স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে গ্যাস স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। বিপি সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজি কার্গো দেশে আসে। এসব চালানের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জি এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা এলএনজি ছিল।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে আরও ১৯ কার্গো এলএনজি আমদানির বিষয়টি নিশ্চিত হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসার কথা রয়েছে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ও অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।

এদিকে ১ অক্টোবর দুপুর ২টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে সরবরাহ করা হয়েছে ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট। আমদানি করা এলএনজি থেকে সরবরাহ ছিল ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট।

ফলে মোট গ্যাস সরবরাহে আমদানি করা এলএনজির অংশ ছিল প্রায় ৩৯ শতাংশ।

Read more — জাতীয়
← Home