সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

আবারও বন্ধ হরমুজ প্রণালি, জাহাজ চলাচলে আইআরজিসির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ
আবারও বন্ধ হরমুজ প্রণালি, জাহাজ চলাচলে আইআরজিসির নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

সম্প্রতি এই নৌপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। শনিবার (১৭ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী জানায়, কোনো দেশের জাহাজই আপাতত হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে আইআরজিসি। মার্কিন বাহিনীর ওপর নির্ভর করে এই নৌপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলেও জাহাজগুলোকে গুরুতর বিপদের মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে হরমুজ প্রণালিতে পানির নিচে থাকা মাইনের আঘাতে একটি বড় তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া যায়। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরপর এসব হামলা ও বিস্ফোরণের ঘটনায় অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল আইআরজিসি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। এ পথে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে এখানে জাহাজ চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং বিশ্ববাজারে তেলের দাম বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

সূত্র: আল-জাজিরা

Read more — আন্তর্জাতিক
← Home