সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমানের রিয়াদগামী ফ্লাইট

১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ণ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমানের রিয়াদগামী ফ্লাইট

অনলাইন ডেস্ক

হুতিদের হামলার পরিস্থিতিতে সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হতে পারে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যাত্রীদের যথাসময়ে জানানো হবে। অন্যদিকে, প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট আবার চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে মদিনা রুটে বেশি আসনবিশিষ্ট উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে। এ ছাড়া যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচির সর্বশেষ তথ্য জানতে এবং টিকিট কেনা বা বুকিংয়ের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Read more — জাতীয়
← Home