সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, হুমকি ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

এর আগে একই দিন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা, মারধর, হুমকি ও অশালীন আচরণের অভিযোগে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে ঢাকায় আসেন। ইমিগ্রেশন শেষে তারা ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় গেলে অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলি সংগ্রহে ভিড় ও দীর্ঘ সারির সৃষ্টি হয়। এ সময় কয়েকজন প্রটোকল সহকারী সারির নিয়ম ভেঙে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে লাগেজ আসতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আমন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে যান।

এজাহারে অভিযোগ করা হয়েছে, এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান উত্তেজিত হয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং মারধরের হুমকি দেওয়া হয়। পরিস্থিতির অবনতি ঠেকাতে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন নির্বাহী পরিচালককে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।

এজাহারে আরও বলা হয়, পরে আখতারুজ্জামান পুনরায় উত্তেজিত হয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের হুমকি দেন। তাদের বেঁধে মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার কথাও তিনি বলেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিরুদ্ধেও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে।

মামলার পর পুলিশ ঘটনাটি তদন্ত করে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।

Read more — জাতীয়
← Home