সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটির জার্নাল প্রকাশ ও সেমিনার

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটির জার্নাল প্রকাশ ও সেমিনার

ঢাকার সাভারের গৈরিক-এ ‘বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি’র বিশেষ সেমিনার ও জার্নাল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের জার্নালের দ্বিতীয় ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড.  এ কে এম শাহনাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলিমা রহমান ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি গোলাম মোস্তফা মহসিন। অনুষ্ঠানে অধ্যাপক এ কে এম শাহনাওয়াজের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ২৩ জন ফেলোও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জনকারী চারজনকে সংবর্ধনা দেওয়া হয়। পরে বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটির জার্নালের ভলিউম-২-এর মোড়ক উন্মোচন করা হয়।

জার্নাল প্রকাশের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, অল্প সময়ের মধ্যে সংগঠনটির দুটি জার্নাল প্রকাশ করতে পারা আনন্দের বিষয়। স্বল্প সময়ের মধ্যেই জার্নালটি আইএসএসএন এবং ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) পেয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জার্নালটির দুটি ভলিউমেই ডিওআই নম্বর সংযুক্ত করা হয়েছে যার মাধ্যমে গবেষণাপত্র সহজে শনাক্ত করা এবং দীর্ঘমেয়াদে অনলাইনে খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার যোগাযোগ ও উদ্ধৃতিযোগ্যতা বাড়াতেও এটি সহায়ক হবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা জার্নালটি পড়তে পারবেন এবং গবেষণাপত্রের বিষয়ে মতামত ও পর্যালোচনা দিতে পারবেন। প্রকাশনার পাশাপাশি সংগঠনটি বিভিন্ন বিষয়ে ছয়টি সেমিনার আয়োজন করতে পেরেছে। ভবিষ্যতে আরও নানা কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘মধ্যযুগে বাংলার লৌহ শিল্প: ব্যবহার ও বিকাশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক নাখলু জাতুল আকমাম।

প্রবন্ধ উপস্থাপনের পর আলোচনায় অংশ নেন উপস্থিত গবেষক ও অতিথিরা। এ সময় প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আরেফিনা বেগম।

Read more — শিক্ষা
← Home