সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান

ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এসব লক্ষণ সম্পর্কে সতর্কবার্তা প্রকাশ করে সংস্থাটি।

ডব্লিউএইচও জানিয়েছে, ডেঙ্গুর প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, হাড়ের জোড়া ও পেশিতে ব্যথা, বমি বমি ভাব, বমি এবং ত্বকে ছোট ছোট লালচে ফুসকুড়ি। এসব লক্ষণের কোনোটি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এদিকে দেশে ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের প্রথম ২২ দিনেই মারা গেছেন ১০৪ জন, যা চলতি বছরে কোনো এক মাসের প্রথম ২২ দিনের হিসাবে সর্বোচ্চ মৃত্যু।

এ সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন। ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Read more — জাতীয়
← Home