সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও তেলের দাম কমানোর চেষ্টা: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও তেলের দাম কমানোর চেষ্টা: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অবসান হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেলের জন্য আমদানিনির্ভর। দেশে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল উৎপাদন না হওয়ায় বিদেশ থেকেই তা আমদানি করতে হয়। বর্তমানে যেসব অঞ্চল থেকে বাংলাদেশ জ্বালানি তেল আমদানি করে, সেসব এলাকায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ফলে বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে।

তিনি বলেন, বিদেশ থেকে জ্বালানি তেল আমদানিতে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি বীমা প্রিমিয়ামসহ আমদানি-সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ও বেড়েছে। এ অবস্থায় দীর্ঘ সময় দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছিল।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকার শুরুতে প্রায় ছয় মাস চেষ্টা করেছে। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে সরকার আশাবাদী। সংকটের অবসান হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমবে বলে আশা করা হচ্ছে। তখন দ্রুত দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয়ের চেষ্টা করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

Read more — জাতীয়
← Home