বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছুটি শতাধিক কারখানায়

নিজস্ব প্রতিবেদক ৪ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছুটি শতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে দিনভর উত্তেজনা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আশুলিয়ার নরসিংহপুর ও নিশ্চিন্তপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা। এসব ঘটনায় পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। তাঁদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা সড়ক ছেড়ে বাড়ি ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকেই শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। শ্রমিকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কয়েকটি স্থানে অবস্থান নেন। সকাল ৯টার দিকে একদল শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। কয়েকজন গণমাধ্যমকর্মীও মারধরের শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া ও হেমায়েতপুরের বিভিন্ন এলাকায় শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে আশুলিয়ার বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা অশান্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকার পরও শ্রমিক অসন্তোষের কারণে শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার থানার একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর দুপুরের দিকে আশুলিয়া ও হেমায়েতপুরের বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচলও স্বাভাবিক হয়।

Read more — জাতীয়
← Home