সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ঢাকা থেকে খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট রুটের বাস মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধের আশঙ্কা রয়েছে। মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণের পর সরকারি নির্ধারিত কিলোমিটারপ্রতি হার অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

ঢাকা-খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর রুটে চলাচলকারী একটি বাস কোম্পানির মালিক নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বলেন, এসব রুটের বাস মালিকরা বৈঠক করে যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যাত্রী যে স্থানেই নামুন, বর্তমান ভাড়ার চেয়ে অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে।

তিনি বলেন, ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে খুলনা গিয়ে একই বাস ঢাকায় ফিরতে প্রায় ১৪০ লিটার জ্বালানি তেল প্রয়োজন হয়। বিআরটিএর হিসাব অনুযায়ী, প্রতি ট্রিপে গড়ে ২৮ জন যাত্রী ধরা হয়। জ্বালানি তেলের বাড়তি ব্যয় সমন্বয়ের জন্যই আপাতত যাত্রীপ্রতি ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাস মালিকদের ওই প্রতিনিধি আরও বলেন, জ্বালানি তেলের দাম যে পরিমাণ বেড়েছে, তাতে বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করবে। এ প্রক্রিয়ায় এক-দুই দিন সময় লাগতে পারে। কিন্তু এরই মধ্যে পরিবহন মালিকদের অতিরিক্ত ব্যয় শুরু হয়েছে। এ কারণে সরকারি সিদ্ধান্তের আগেই ভাড়া বাড়ানো ছাড়া তাদের সামনে বিকল্প নেই।

তিনি বলেন, বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করলে সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি হারের ভিত্তিতে পরবর্তী সময়ে বাসভাড়া সমন্বয় করা হবে।

এদিকে সরকারি সিদ্ধান্তের আগে বাড়তি ভাড়া আদায় করা হলে যাত্রীদের সঙ্গে বাসের চালক-কন্ডাক্টরদের বিরোধ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবহন মালিকরাও। ওই বাস মালিক বলেন, বিআরটিএ দ্রুত নতুন ভাড়া নির্ধারণ করলে পরিবহন মালিক ও যাত্রী—উভয় পক্ষের জন্যই পরিস্থিতি সহজ হবে। সরকারি সিদ্ধান্ত ছাড়া যাত্রীরা সাধারণত বাড়তি ভাড়া দিতে আগ্রহী হন না। এতে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত বিরোধের সৃষ্টি হতে পারে।

Read more — সারাদেশ
← Home