সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ণ
জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে আয়োজিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসি) আওতাধীন এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করেছে মালিক সমিতি।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী এক-দুই দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

Read more — সারাদেশ
← Home